টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় বাজারের দুটি মুদি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে অপর একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টঙ্গীবাড়ী উপজেলা শাখার সদস্য মো. নাজমুল ইসলাম পিন্টু এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. অনিক শেখ।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।