হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তা-বে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখা। আকস্মিক এই দুর্যোগে বসতঘর হারিয়ে মানবেতর জীবনযাপনে পড়া নাসির ড্রাইভার ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে একটি বিশাল রেইন ট্রি গাছ ভেঙে পড়ে নাসির ড্রাইভারের বসতঘরের ওপর। এতে ঘরটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ এ দুর্যোগে পরিবারটি খোলা আকাশের নিচে পড়ে চরম দুর্ভোগে দিন কাটাতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাটহাজারী উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত নাসির ড্রাইভার ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়, যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ও চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, উপজেলা যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ, মেখল ইউনিয়ন জামায়াতের সভাপতি জাফর ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও জনকল্যাণমুখী সংগঠন। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নাসির ড্রাইভারের ক্ষতির বিষয়টি জেনে আমরা তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এমন অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”
স্থানীয় এলাকাবাসী জামায়াতের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন করে বাঁচার আশা জাগায়। একই সঙ্গে তারা নাসির ড্রাইভারের পরিবারের স্থায়ী পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।