চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে মারা গেছে দৈনিক খবরপত্রের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার অলি উল্লাহর রনির মেজো ছেলে নুরে ইলাহি নাদিম (১৩)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড খোন্দকারপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে নুরে ইলাহি নাদিম শুক্রবার অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে জেগে উঠা চরে বাড়ির পার থেকে ওপারে যাওয়ার জন্য হাঁটু পরিমাণ পানিতে নামে। পথিমধ্যে ওপারের কাছাকাছি পৌঁছালে; ঠাঁইহীন চোরাগর্তে তলিয়ে যায় নাদিম। অন্যান্য বন্ধুরা চরে পৌঁছাতে পারলেও নিখোঁজ নাদিমের আর যাওয়া হয়ে উঠেনি ওই চরে। পরে বন্ধুদের মাধ্যমে স্থানীয় পাড়া প্রতিবেশি ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে হাঁটু পানিতে থাকা চোরাগর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নাদিমের পিতা সাংবাদিক অলি উল্লাহ রনি জানান, ছেলেটির সাঁতারো জানা নেই। হাঁটু পানি দেখে ছুটির দিন হওয়ায় বন্ধুদের সাথে বিনোদনের জন্য নদীর ওপারে জেগে উঠা চরে যাচ্ছিলো। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায়এমন দুর্ঘটনার শিকার হবে; আমি ও আমার পরিবার ভাবতেই পারিনি।