ইবি সংবাদদাতা : ঐতিহাসিক বালাকোট থেকে শাপলা: মুসলিম প্রেরণা শীর্ষক আলোচনা সভা অয়োজন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখা। এ সময় শাপলা চত্বরে শহীদদের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি বাস্তবায়ন করার তিনটি দাবি উত্থাপন করা হয়।
বুধবার (০৬ মে) সন্ধ্যায় কুষ্টিয়া শহরে দিগন্ত মিলনায়তনে খন্দকার আরিফের সঞ্চালনায় এবং শাখা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, শাখা সেক্রেটারি এস. এম. শামীম, জয়েন্ট সেক্রেটারি জাহিদ সরদার ও আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণ
কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তরুণদের মাঝে কুরআন চর্চা ও তিলাওয়াতের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন তরুণ মানব সেবা (ঞগঝ)। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণ পদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সম্প্রতি কসবা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম হাসান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গল বার ( ৫ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল।
সাংবাদিক সম্মেলন
মুরাদনগর (কুমিল্লা) : রাঙামাটিতে বদলি করা হয়েছে বেশ আগেই। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তার বদলি বাতিলের আবেদনও নাকচ করে দিয়েছেন। কিন্তু এক অদৃশ্য শক্তিতে এখনো কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বহাল রয়েছেন এএসআই আল-আমিন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, ঘুষ গ্রহণ ও মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে নিতে এখন ভুক্তভোগীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫মে) দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা দ্রুত এএসআই আল-আমিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বাঙ্গরা এলাকা থেকে তাকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বি-চাপিতলা গ্রামের টাইলস কন্ট্রাক্টর নাছির উদ্দিন জানান, মাদক স্পট শনাক্তে সেনাবাহিনীকে সহায়তা করায় এএসআই আল-আমিন তাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। খবির হোসেন ভূঁইয়া জানান, মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। সিএনজি চালক ইমরান হোসেন জানান, তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
মানববন্ধন
ঈদগাঁও, কক্সবাজার : পার্বত্য এলাকায় ম্রো উপজাতি শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের মিথ্যা অভিযোগে এনে মানবিক চিকিৎসক মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে “মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত” দাবি করে ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে “ঈদগাও উপজেলা সর্বস্তরের জনসাধারণ” ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা একটি অনলাইন গণমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এতে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জরিমানা
নরসিংদী : নরসিংদীর বিশুদ্ধ খাদ্য আদালত এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার শিবপুর উপজেলার খাসমহল গ্রামের নদীর পাড়ে অব¯ি’ত অস্পরা ফুড বেকারিকে অস্বা¯’্য ও নোংরা খাদ্যদ্রব্য প্র¯‘ত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নার্গিস সুলতানার অভিযোগের প্রেক্ষিত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
এক রাতে ৫ গরু চুরি
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গরু চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। চোরের ভয়ে নির্ঘুম রাত পার করছেন তারা, গরু রক্ষায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে গোয়ালঘর।
বুধবার (৬ মে) ভোর রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের ছোট কুড়া এবং ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে ট্রাকযোগে সংঘবদ্ধ চোরচক্র হানা দেয়। এ সময় দুই কৃষকের বাড়ি থেকে মোট ৫টি গরু চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কুড়া গ্রামের কছিমুদ্দিন মন্ডলের ছেলে সাইফুল ইসলামের বাড়ি থেকে ৩টি গরু এবং নান্দিনা কামালিয়া গ্রামের মৃত আইসান আলীর ছেলে সুবেলের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
একই রাতে আশপাশের আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। রাত সাড়ে ৩টার দিকে আলী আকবর ভুইয়া নামের এক কৃষকের বাড়ির গেটের তালা ভাঙার সময় টের পেলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন, যাতে করে চোরচক্র পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি এই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। কয়েকদিন আগে এক অটোরিকশা চালকের বাড়ি থেকে ভ্যানের ব্যাটারি চুরি এবং নান্দিনা কামালিয়া বাজারের তিনটি দোকানেও চুরির ঘটনা ঘটে।