শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যে দেশীয় সাংস্কৃতিক সংসদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে তিনটায় শ্যামনগরের কবি মতিউর রহমান মল্লিক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. শেখ ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা দেশজের দায়িত্বশীল প্রভাষক ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশজের শাখার উপদেষ্টা মাওলানা আবদুর রহমান, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, প্রভাষক কবি মাহবুব বুলবুল, সাংবাদিক আবু কওছারসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশীয় সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। সাংস্কৃতিক অঙ্গনকে মানবিক, নৈতিক ও দেশপ্রেমমূলক চেতনায় সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ শুধু শ্যামনগর বা সাতক্ষীরার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা সারাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।