ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলা-এ পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে, এতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে শামীম মন্ডল (৩৭) সকালে মাছ ধরতে নদীতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার ৪ নম্বর সাপধরি ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সাগর (১৭) বজ্রপাতে প্রাণ হারান। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা-এর চিনিয়াপাড়া এলাকার স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।