গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডুকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেল ভোলার দৌলতখান। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত হাডুডু টুর্নামেন্ট দেখতে শিশু-কিশোর, তরুণ-যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষের ঢলে মুখর হয়ে ওঠে উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী মিয়ারহাট স্কুল মাঠ।
গত ৩১ মে বিকেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোমেনের উদ্যোগে এবং স্থানীয় তরুণ-যুবকদের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করে। আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন আন্তর্জাতিক খেলার প্রভাবে যখন গ্রামীণ খেলাধুলা বিলুপ্তির পথে, তখন হাডুডু ঘিরে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ‘এ’ দল ও ‘বি’ দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত ১১-৯ পয়েন্টের ব্যবধানে ‘এ’ দল বিজয়ীর মুকুট অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের করতালি, উল্লাস আর উৎসাহ মাঠজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করে।