শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দুপুরে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা চলমান এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্রের মান, খাতা মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী আজারুল হক নিলয়, গাজীপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহমুদুল আলম সানি এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহিম।

বক্তারা বলেন, দেশের চলমান বৈরী আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং যাতায়াত সংকটের কারণে এইচএসসি পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের মান ও নির্ধারিত স্ট্যান্ডার্ড বজায় রেখে সিলেবাসের বাইরে বা অযৌক্তিকভাবে কঠিন প্রশ্ন প্রণয়ন বন্ধের দাবি জানান তারা।

তারা আরও বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নপদ্ধতির অসঙ্গতি ও রাফ করার জটিলতায় বিপুলসংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় বোনাস বা অটো মার্কস দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়।

শিক্ষার্থীরা দাবি করেন, কেউ অকৃতকার্য হলে বা আশানুরূপ ফল না পেলে এক বছর নষ্ট না করে দ্রুত পুনঃপরীক্ষা বা বিশেষ মূল্যায়নের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চলমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের মানবিক ও নমনীয় হওয়ার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা এবং লাখো পরীক্ষার্থীর মানসিক চাপের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, 'তুমি কে, আমি কে-বয়লার মুরগি, বয়লার মুরগি" এবং 'কে বলেছে, কে বলেছে-শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী'।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।