বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বলছে, পরিবহণ খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।
এ অবস্থায় পরিবহণ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহণ নেতারা।
এর আগে গত রোববার রাত ৮টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহণ মালিকÑশ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চুড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এর আগে শনিবার রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের মূল্য বেড়ে গেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহণের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণ কেন লুকোচুরি করা হবে। কেন মিডিয়া থেকে গোপন করা হবে। বাড়তি ভাড়া নিয়ে বাস-লঞ্চে হেনস্তা ও লাঞ্ছিত হয় যাত্রীরা। যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। অন্যথায় হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি সড়ক পরিবহণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে যানবাহনের ভাড়া নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার বলেন, কোনো পক্ষই যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তেমন একটি সমাধানে আসার চেষ্টা করা হচ্ছে।
যানবাহনের ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে।
সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন। বিবৃতিতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণের নির্দেশ দিয়েছে। এতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।