চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের বিভিন্ন এলাকায় পূজামন্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এসময় তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নির্লসভাবে কাজ করছে। ধর্মীয় উৎসবের আনন্দ প্রত্যেকটা নাগরিকের অধিকার। যে যেই ধর্মেরই হোক নিরাপদ ভাবে ধর্মীয় উৎসব পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার সবসময় সচেষ্ট।

সম্প্রতি যশোরের চৌগাছা শহরে সর্বজনীন কালি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এর আগে যশোরের সদর ও কেশবপুর উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র সচিব।

এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম ,পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারি কমিশনার ভুমি তাসমিন জাহান, ওসি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাংবাদ কর্মীরা। অতিথিদের ফুল ও ফলের ডালি উপহার দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান পূজা মন্ডপের দয়িত্বশীলরা।