আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল বিএনপির এক নেতার ঘর থেকে জব্দ ও ঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। সম্প্রতি আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন বিএনপির নেতা আবু হাসানের দখলীয় ঘর থেকে এই চাল জব্দসহ ঘর সিলগালা করা হয়।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপপরিদর্শক রাকিব হাসান জানান, আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে বিএনপি নেতা আবু হাসানের দখলীয় ঘরে সরকারি খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বিপুল পরিমান চাল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপপরিদর্শক রাকিব হাসানসহ ভ্রাম্যমান আদালতের একটি টিম উল্লেখিত ঘরে অভিযান চালান। অভিযানে ঘরের ভিতর অবৈধভাবে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তায় মোট তিন টন ৪৫০কেজি চাল জব্দ ও ওই ঘর সিলগালা করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, এই চাল বিতরণের মাস্টাররোল রয়েছে যা গত বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে। এদিকে ডিলার আব্দুস ছাত্তার সরকারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদামে রাখার সরকারি নিয়ম থাকলেও সেই চাল প্রশাসনকে না জানিয়ে প্রায় ২ কিলোমিটার দুরে গোহাট সংলগ্ন আবু হাসানের ঘরে কি হিসাবে রাখা হলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবু হাসান চিকিৎসাধিন থাকায় তার ছোট ছেলে নাাকিব আল হাসান জানায় ঘরটি তার বাবার কিনা জানা নেই। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টার রোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।