ভোলা সংবাদদাতা : প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলা এখন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। ৯টি কূপে বিপুল গ্যাস মজুত থাকায় এখানে একের পর এক গড়ে উঠছে শিল্প কারখানা।
ইতোমধ্যে কাজী গ্রুপ, শেলটেক, উর্মি গ্রুপ ও প্রাণ-আরএফএল ভোলায় কারখানা স্থাপন করেছে। এসব কারখানায় কয়েক হাজার নারী-পুরুষ কাজ করছেন। সরকারের উদ্যোগে ভেদুরিয়ায় গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা স্থাপনও প্রক্রিয়াধীন।
সবচেয়ে বড় অগ্রগতি এসেছে চীনের বিনিয়োগ পরিকল্পনা থেকে। চায়না ফ্রি ট্রেড জোন অ্যান্ড এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যাসোসিয়েশন ভোলায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের ঘোষণা দিয়েছে। এদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ অনুমোদন দিয়েছে, যা পর্যায়ক্রমে ১৫৮ একরে বিস্তৃত হবে। এখানে কৃষি-শিল্পভিত্তিক অন্তত ৪০টি প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে, বিনিয়োগ হবে ১ বিলিয়ন ডলারের বেশি।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “খুব শিগগিরই ভোলা দক্ষিণাঞ্চলের সিঙ্গাপুরে পরিণত হবে। এখানে কোনো যুবক বেকার থাকবে না।” অর্থনীতিবিদদের মতে, ভোলার এই শিল্প বিপ্লব দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।