দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১নং ওয়ার্ডের নূরপুর গ্রামের একমাত্র সংযোগ ব্রীজটির ভগ্নদশা এখন ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজটির সংস্কার না হওয়ায় প্রতিদিনই পথচারী ও যানবাহনচালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রীজটির মাঝখান ভেঙে বড় গর্ত হয়ে গেছে। ভেতরের রড বের হয়ে পড়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবুও প্রতিদিন শত শত সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন এই ভাঙা ব্রীজ দিয়েই চলাচল করছে। এই সেতুর উপর দিয়েই নূরপুর গ্রাম ছাড়াও পাশের তিতাস উপজেলার সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হয়। দৈনন্দিন যাতায়াতের জন্য এ ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের উদ্যোগ না থাকায় মানুষ এখন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী পরিবহন ও ব্যবসায়ীরা পড়ছেন মারাত্মক ভোগান্তিতে। স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, “এই ব্রীজ দিয়ে বাজারে যাওয়া-আসা করি। প্রতিদিন ভয় লাগে, কখন যে কোনো দুর্ঘটনা ঘটে।” গ্রামের বাসিন্দা শফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌরসভার এমন অবস্থায় যদি ব্রীজ সংস্কার না হয়, তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।”
এ বিষয়ে পৌরসভার দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ছোট্ট একটি সংস্কার কাজের কারণে জনগণকে এতদিন কষ্ট পোহাতে হচ্ছে, যা একেবারেই অযৌক্তিক।