রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের প্রধান পথ খানা-খন্দে ভরা থাকায় রাগী ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন না। অব্যবস্থাপনার কারণে সেবা গ্রহীতারা সময়মতো স্বাস্থ্যসেবা নিতে ব্যাহত হচ্ছেন।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার খানা-খন্দে ভরা এবং জমে থাকা কাদার কারণে রোগী, অসুস্থ শিশু ও বৃদ্ধ মানুষের জন্য নিরাপদে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিশেষ করে বৃষ্টির সময় এই প্রবেশ পথটি জলাবদ্ধ হয়ে যায়, ফলে হাসপাতালে আসা রোগীদের অনেককে বাইরে অপেক্ষা করতে হয়। কখনও কখনও জরুরি রোগীও সময়মতো চিকিৎসা নিতে পারছেন না। রোগীর এক পরিজন বলেন, ‘বয়সে একটু বেশি হওয়ায় এবং অসুস্থতার কারণে কাদার মধ্য দিয়েও হাঁটতে অনেক কষ্ট হয়। প্রশাসনের দিকে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেই।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জানান, ‘প্রবেশ পথ সংস্কারের জন্য বাজেটপ্রাপ্তির প্রক্রিয়া চলছে। আশা করা যায়, শিগগিরই কাজ শুরু হবে।’

তবে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ‘একটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথ এমন বেহাল অবস্থায় থাকা উচিত নয়। সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাস্তার জরুরি সংস্কার প্রয়োজন।’ রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই এই বেহাল প্রবেশ পথ অবিলম্বে সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।