সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৭ বিঘা জমির আমবাগান কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামায শেষে ধাপেরহাট বাজারের ব্রিজের নিচে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ, শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে কৃষকের ফসল ও ফলজ বাগান ধ্বংস করা হচ্ছে। এর আগে বেগুনক্ষেত নষ্ট করা হয়েছিল, এবার আমবাগান কেটে ফেলা হলো। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব আব্দুর রহমান (ভোলা হাজী) ও তার ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ বলেন, “দীর্ঘ শ্রম আর স্বপ্ন নিয়ে লাগানো বাগান মুহূর্তে শেষ হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ মোবাইল ফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বারবার ফসল নষ্ট করে শত্রুতা করা হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান, সহ-সমন্বয়কারী আব্দুর রহিম, সাবেক ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন সভাপতি তৌফিকুর রহমান, যুব জামাত সভাপতি মুশফিকুর রহমান সাগর, ভুক্তভোগী কৃষক ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, ইসলামপুর বালিকা দাখিল মাদরাসার সুপার জায়দুল ইসলাম প্রমুখ। বক্তারা আরও বলেন, যারা কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ কৃষক চরমভাবে নিরুৎসাহিত হবে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
মানববন্ধন থেকে দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।