নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সাংবাদিক,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
এসময় তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।