গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ৩ নং ওয়ার্ডবাসীর পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আমজাদ হোসেন শ্রীপুর থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

মো. আমজাদ হোসেন দৈনিক সংগ্রামকে বলেন, “মাদকের কারণে আমাদের এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনুক।”

আবেদনে উল্লেখ করা হয়েছে, ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের ঘটনা ঘটছে। বিশেষ করে উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তৎপরতা বেশি বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই। আমাদের একমাত্র দাবি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।” এলাকাবাসীর দাবি, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।

আমজাদ হোসেন দৈনিক সংগ্রামকে আরও বলেন, “প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেবে-এটাই আমাদের প্রত্যাশা। শ্রীপুরের ৩ নং ওয়ার্ডকে আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে দেখতে চাই।”

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ বিষয়ে দৈনিক সংগ্রামকে বলেন, "আমি এই থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আটক করে আইনের আওতায় আনছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"