রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কের জের ধরে দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে নাতিকে বাঁচানোর চেষ্টা কালে প্রতিপক্ষের আগাতে নুর সোলায়মান (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের মনোহর আলী খাঁ জামে মসজিদের সামনে বাংলাবাজার সড়কের উপর এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। এ ঘটনার সাথে জড়িত মো. সজীব (১৭), মো. আশিকুর রহমান (১৬) ও ইফরাতুল ইসলাম (১৭) নামের তিন কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তাদের সবার বাড়ি উপজেলার চর সেকান্দর রাস্তারমাথা এলাকায়। এ ঘটনায় নিহতের ছেলে নুর আলম ওরফে দুলাল মুহরি বাদী হয়ে বুধবার রাতে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ নুর সোলায়মানের নাতি মেহেদী হাসান রাফির কাছ থেকে ওই এলাকার চর সেকান্দর রাস্তামাথা এলাকার শাহাদাতের ছেলে সজীব আড়াই হাজার টাকা ধার নেয়। কয়েকমাস ধরে পাওনা টাকা দিবে-দিচ্ছে বলে কালক্ষেপণ করে টাকা দিচ্ছেনা সজীব। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যার দিকে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক হচ্ছিল। এক পর্যায়ে অভিযুক্তরা রাফিকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এসময় সোলায়মান ঘটনাস্থলে গিয়ে নাতি রাফিতে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও এলোপাথাড়ি কিল ঘুষি মেরে টানা হেচড়া করে গায়ের পাঞ্জাবী ছিড়ে ফেলে। এক পর্যায়ে অভিযুক্তরা সোলায়মানের বুকে জোরে লাথি মারলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।