স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ছুটির দিনেও কর্মব্যস্ত সময় পার করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি দিনভর গাজীপুর মহানগরীর টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
সূত্র জানায়, সকালে তিনি টঙ্গী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন একটি বিদ্যালয়ের কাজ ঘুরে দেখেন। এরপর গাছা এলাকায় খাল সংস্কার ও খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং একই অঞ্চলের ড্রেন পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসব কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে পূবাইল নৈপাড়া থেকে চামুড্ডা বাইপাস পর্যন্ত কাপেটিং মেকাড্রাম, কুদাব কবির ফ্যাক্টরি থেকে বাইপাস পর্যন্ত ইউনিব্লক নির্মাণ, বটতলা পাকা ব্রিজ থেকে বসুরা বাইপাস পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ (জাইকার অর্থায়নে) এবং মোগর খাল খনন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, "উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় সাধারণ মানুষের অসুবিধা যেন না বাড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য। আমাদের লক্ষ্য শুধুমাত্র রাস্তা বা খাল নয়, মানুষের জীবনমান উন্নয়ন করা।"
প্রশাসকের এই নিষ্ঠার দৃষ্টান্ত নিয়ে জিসিসির সচিব আমিন আল পারভেজ বলেন, "প্রশাসক যখন ছুটির দিনেও জনগণের কল্যাণে কাজ করছেন, তখন আমরা সবাই অনুপ্রাণিত হই। এটি আমাদের শেখায় যে, সৎ উদ্যোগ এবং ধৈর্য শুধু ভোগান্তি কমায় না, বরং সমাজে বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠা করে। সত্যিকারের উন্নয়ন ধর্মের মতোই মানবিক।"
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক, নাফিসা আরেফিন, সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোত্তাসেম বিল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শারমিন মাধবী, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।