বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা : রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় জামায়াতে ইসলামী’র একনিষ্ঠ কর্মী মোখলেস গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বদরগঞ্জ পৌরসভার বালুভাটা আম্বিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাঠখড়ি চিরানোকে কেন্দ্র করে মোখলেসের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের বাগবিত-া হয়। এক পর্যায়ে সিফাত নামের এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে মোখলেসকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় আঘাতকারী কে স্থানীয় জনগণ আটক করে থানা সোফার্দ করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, মোখলেসের ঘাড় ও হাতে গভীর ক্ষত রয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় ভুক্তভোগী বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাং সদস্য সিফাতকে আটক করা হয়েছে এবং তাকে রংপুর জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এদিকে এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।