ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক ওষুধ স্প্রে করে কৃষকের জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক কৃষক সুলতান আলম স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের কৃষক আনিসুর রহমান একই গ্রামের সুলতান আলম এর কাছ থেকে ৬৪ শতাংশ জমি বর্গা নিয়ে চলতি আমন মৌসুমে গুটি স্বর্ণা জাতের ধান চাষাবাদ করেন। এরই মধ্যে একই গ্রামের দুষ্কৃতকারী, ফয়জার রহমান মন্টু, খাইরুল ইসলাম, ইমন, রিফাত ও তাদের পরামর্শদাতা হরিরামপুর সাহাপাড়া গ্রামের আমিনুল ইসলাম সকলে মিলে ধান ক্ষেতে আগাছা নাশক স্প্রে করে কৃষক আনিসুর রহমানের চাষাবাদকৃত সমুদ্য় ফসল নষ্ট করে ফেলেছে। এ বিষয়ে গতকাল রবিবার ভুক্তভোগী কৃষক আনিসুর রহমান জানান, আমি পূর্ব রসুলপুর গ্রামের সুলতান আলম ও তার ভাতিজাদের কাছ থেকে পূর্ব রসুলপুর মৌজার পলিপাতারে ৬৪ শতাংশ জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেছি। গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারী অন্যায় ভাবে আমার ফসলের খেতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে আমার ধান ক্ষেত নষ্ট করেছে। এতে করে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে এক বুক আশা নিয়ে বর্গাকৃত জমিতে ধান রোপণ করেছিলাম। তারা আমার চরম ক্ষতি করেছে। আমি এখন নিঃস্ব প্রায়।