হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, পাহাড় ও গাছ কাটা, মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে শ্রমিকদল ও যুবদলের একটি গ্রুপের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে জনতা। এসব অপরাধের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে শ্রমিকদলের ইউনিয়ন আহ্বায়ক আব্দুল মান্নানকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন।

স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদল নেতা আব্দুল মান্নান ও যুবদল নেতা জাকিরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ছিল। চাঁদাবাজি, মাদক ব্যবসা, পাহাড় কাটা, এমনকি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের মতো গুরুতর অপরাধেও তারা জড়িত। প্রায় ৮-৯ মাস ধরে তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে ওঠে।

বিতর্কের সূত্রপাত ঘটে ১০ জুন রাতে, মসজিদ কমিটি নিয়ে স্থানীয়দের সঙ্গে মান্নানদের কথাকাটাকাটির মধ্য দিয়ে। একপর্যায়ে মান্নান ও তার সহযোগীরা হামলা চালিয়ে নিরপরাধ দুই কিশোর সাকিব (১৬) ও কামরুল (১৫)-কে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরদিন ১১ জুন সকালে স্থানীয় গণ্যমান্যদের আয়োজিত সালিশ বৈঠক চলাকালে মান্নানের নেতৃত্বে আবারও হামলা হয়। এ সময় কালু নামের আরও একজন কিরিচের কোপে গুরুতর আহত হন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল মান্নানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।