মনিরামপুর (যশোর) থেকে সংবাদদাতা: দীর্ঘদিনের জলাবদ্ধতায় মানবিক সংকটে পড়া যশোরের ভবদহ এলাকার মানুষ এখন চরম স্যানিটেশন সমস্যায় ভুগছে। এ অবস্থায় দুর্গত জনগণের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে অভয়নগর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে ১০টি অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জয়দেব বাবু বলেন, পর্যায়ক্রমে জলাবদ্ধ প্রতিটি ইউনিয়নে এ ধরনের অস্থায়ী টয়লেট স্থাপন করা হবে। তবে যেসব এলাকায় স্থলভাগে টয়লেট বসানো সম্ভব নয়, সেখানে নির্মাণ করা হবে ভাসমান টয়লেট। এতে দূষণ কমবে এবং স্থানীয়রা অন্তত ন্যূনতম স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, “মানুষের জীবনমানের কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবদহের মানুষ বছরের পর বছর জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। আমরা চেষ্টা করছি তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের।” “জলাবদ্ধ এলাকায় স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বড় সমস্যা। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়লে ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই দ্রুত অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এ কার্যক্রম চালানো হবে।”
প্রায় দুই মাস ধরে যশোর-সাতক্ষীরা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিবন্দি। মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে আছে। বহু পরিবার স্কুল-কলেজ কিংবা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানির মধ্যে বসবাসের কারণে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাবে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত না হলে সামনের দিনে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই অস্থায়ী টয়লেটের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা ও সচেতনুা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।