ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করছেন। সম্প্রতি জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আখড়াবাড়ী, কালিবাড়ি, নড়াইলপাড়া, রাজারহাট কমিটির সাথে সাক্ষাৎ করেন জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ বিভিন্ন মন্ডব পরিদর্শনকালে বলেন, “শুধু পূজাতেই নয় আমরা সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। পূজার পরেও যদি আপনারা আপনাদের কার্যক্রমে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা করব।” এ সময় তিনি আরও বলেন, “পিরোজপুরে আমরা সকলে একত্রে মিলেমিশে থাকার চেষ্টা করিতেছি। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমাদেরকে বলা হয়েছিল আপনারা একটু কষ্ট করে হলেও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে তারা নিশ্চিন্তে নিরাপদে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে সেই দিকে আপনারা একটু নজর রাখবেন। এরপর থেকে আমাদের যুবক ও ছাত্ররা বিভিন্ন মন্দির ও মন্ডপ পাহারা দিয়েছে, যাতে দুর্বৃত্তরা কোনো প্রকার ক্ষতি করতে না পারে।”
পরিদর্শনে জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের সভাপতি ডক্টর আব্দুল্লাহিল মাহমুদ, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়ন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।