টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : টঙ্গীবাড়ীতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে টঙ্গীবাড়ী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণে কাজ করা। উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে টঙ্গীবাড়ী ও মুন্সীগঞ্জ-২ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করাই আমার অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বাজার এলাকায় গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
নেতৃবৃন্দ জানান, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যার খোঁজখবর নেওয়া এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা জানানোই গণসংযোগ কর্মসূচির মূল উদ্দেশ্য।