বগুড়া অফিস : বগুড়ার শহরের কাটনারপাড়া এলাকায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৮ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে করোনেশন স্কুলসংলগ্ন এলাকায় ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি অটোমোবাইলের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে, প্রতি লিটার ২০০ টাকায় জ্বালানি বিক্রি করা হচ্ছিল। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে এসব জ্বালানি বিক্রি করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স নেই বলেও জানা গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা ১৮০ লিটার জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জাগিরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি বন্ধ দোকানের বাইরের সিলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফ জিকোর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি একাই ঘটনাস্থলে এসে রশি ব্যবহার করে ঝুলে পড়েন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে।”
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। গত ২৭ এপ্রিল বিকাল তিনটায় উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামে এঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন ওয়াকফ এস্টেটের মারকাজ মসজিদ ও মক্তবের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। দুই পক্ষের দ্বন্ধে একমাস যাবৎ মসজিদ তালাবদ্ধ। কয়েকদিন আগে হুগুলিয়া গ্রামের লোকজন মোতয়াল্লী শাখাওয়াত ও মোস্তফার হাত থেকে মসজিদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। আজ সোমবার শাখাওয়াত ও মোস্তফা তাদের লোকজন নিয়ে মসজিদের দখল নিতে গেলে গ্রামবাসীর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে হুগুলিয়া গ্রামের হাসান আহমেদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান ও সেলিনা আক্তার নামে এক নারী আহত হয়েছেন।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছেন। গত ২৮ এপ্রিল সকালে গ্রেপ্তারদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার একটি দল উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় রিনা আক্তারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে মো. আরিফ হোসেন (৩৪) ও মোছা. রিনা আক্তার (৪০)কে আটক করা হয়। তবে তাদের সহযোগী মোহাম্মদ আলী ওরফে আলী (৩৪) পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেপ্তার আরিফ হোসেন উপজেলার রাধানগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে এবং রিনা আক্তার শিকিরগাঁও গ্রামের নেয়ামুল আলীর স্ত্রী।
মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে মোংলা থানা পুলিশ ৪৯ পোটলা গাঁজাসহ মোঃ রবিউল গাজী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং প্রাথমিকভাবে তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি দল শ্রম কল্যাণ রোডে অবস্থিত রবিউল গাজীর নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার ঘর তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো মোট ৪৯টি পোটলা গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম বলে জানানো হয়েছে। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার হাকিম গাজীর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগর উপজেলার রামপুর এলাকায় স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৬) অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও আসামী সাইফুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভিকটিমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশে যায় ওই ছাত্রী। বিদ্যালয় ছুটি শেষে দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় মটকিরচর গ্রামের ঈদগাঁর সামনে পৌঁছালে একই গ্রামের বাসিন্দা হাকিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৩) ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক জোরপূর্বক তার মুখ চেপে ধরে অপহরণ করে। ছাত্রীকে হোমনা থানার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বুধবার বিকেলে ভিকটিমকে পুনরায় স্কুলের সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে ভিকটিম তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিকটিমের মা গত ২৪ এপ্রিল মুরাদনগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন ভিকটিমকে মারধরের বিষয়টি জানেন না বললেও হুমকির বিষয়টি অবগত আছেন স্বীকার করে তিনি বলেন বাদীকে বলেছি থানায় জিডি এসে জিডি করেতে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হুমকির বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলবো।
মাধবদী (নরসিংদী) : নয় বছরের শিশু ধর্ষনের অভিযোগে মাধবদীতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান চালিয়ে পুলিশ দু’জনেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। গত ২৯ এপ্রিল সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রাব্বি (১৪) ও একই গ্রামের সিপন মিয়ার ছেলে মো. সীমান্ত (১৪)।
মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামে ৯ বছরের এক শিশুকে ডেকে নিয়ে শ্মশানের পাশে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। পরে ভুক্তভোগী ওই শিশু বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগীর মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বি ও সীমান্ত নামক দুই কিশোরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণকৃত মোবাইল সেটটিও জব্দ করা হয়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার এবং মোবাইল সেটটি জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের এবং আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।