বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা : রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি হাসিনানগরে চলমান শিল্প মেলায় লটারী ও অশ্লীলতা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মেলার নামে লটারী ও জুয়া বন্ধের দাবি জানান।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এ সময় বদরগঞ্জের উপজেলা প্রশাসক মো. মিজানুর রহমান অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিন দিনের মধ্যে লটারি বন্ধের আশ্বাস দেন। তবে সাধারণ মানুষ আশ্বাসে সন্তুষ্ট না হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকেন।

পরে বিকেল পাঁচটার দিকে রংপুর জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে মেলায় লটারি বন্ধের সিদ্ধান্ত নিশ্চিত করেন। এ ঘোষণার পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

উল্লেখ্য, খোলাহাটি হাসিনানগরে এ শিল্প মেলা গত ১৮ আগস্ট থেকে শুরু হয়।