শাহজালাল শাহেদ, চকরিয়া: দুর্ঘটনা রোধকল্পে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনসাধারণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) মহাসড়কের চকরিয়া নিউ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক চকরিয়া আদালতের আইনজীবী এডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি এইচ.এম এরশাদ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, কমরেড গিয়াসউদ্দিন, মুখপাত্র নাজিম উদ্দীন, জেলা সমন্বয়কারী করিমুল্লাহ কলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমদ কবির সিকদার, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ, আবদুল মজিদ, চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান জিকু, তরুণ সমাজসেবক শামসুল আলম প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে ব্যানারে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দ্রুত ছয় লেন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।” তারা আরও বলেন, “দেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক। ব্যস্ততম এ সড়কে দুর্ঘটনা যেন এক নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে, অনেকে কাতরাচ্ছে হাসপাতালে। অধিক যানবাহনের চলাচল, অথচ মহাসড়কটি প্রয়োজনের তুলনায় অধিক সরু ও সংকীর্ণ। প্রতিনিয়ত এত সড়ক দুর্ঘটনা অথচ কোনো টনক নড়ছে না প্রশাসনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি থাকলেও মিলছে না কোনো যুগোপযোগী সুফল। নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। “আর কত আহাজারি করলে, আর কত স্বজন হারালে কিংবা আর কত লাশ গণনা হলে প্রশাসনের সুদৃষ্টি আসবে বলে মন্তব্য করেন বক্তারা।” তাই অনতিবিলম্বে দুর্ঘটনা রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হোক।