নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামী পলাতক আরিফ সরকার (৪০) কে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের হারুন অর রশিদ খান হত্যাকান্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

হারুন অর রশিদ খান হত্যাকান্ডে জড়িত আসামীকে ইন্টারপোলের রেড এলার্টের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারের বিষয়টি বাংলাদেশে বার্তা প্রেরণ করে। এ প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামীকে বাংলাদেশে নিয়ে আসে । গ্রেফতারকৃত আসামীর বাড়ী নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত: হাফিজ উদ্দিন সরকার। তাকে গত ৬ মে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনায় গত ২০২৩ সনের ২৫ ফেব্রুয়ারি সকালে ভিকটিমের নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুত্বর জখম করে। হারুন অর রশিদ খান চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৩ সনের ৩১ মে মৃত্যুবরণ করেন। এ হত্যাকান্ডের ঘটনায় একই বছর ২৭ ফেব্রুয়ারি তার ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে একই বছরের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।