নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের দোলখাঁড় ইউনিয়ন যুবদল নেতা এবং ওই ইউনিয়নের বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আজিম মাহমুদ খোকনকে (৪৫) পিস্তলসহ গ্রেফতার করে যৌথবাহিনী। শনিবার সকাল ৮টার দিকে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উপজেলার বাম গ্রামের মজুমদারপাড়ার আজিম মাহমুদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে তার ঘর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আজিম মাহমুদকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, বর্তমানে অনেক যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছে। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে কিন্তু তার কোনো পদ-পদবি নেই।
নাঙ্গলকোট থানা ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত আজিম মাহমুদের ব্যাপারে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।