নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার উত্তর মুসল্লি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শিশু কন্যা ঘটনার দিন বিকেলে বাড়ির উত্তর পাশে প্রতিবেশী মো. শহিদ মিয়ার (৫০) বাড়ির পেছনে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী শহিদ মিয়া শিশুটিকে জলপাই দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতবাড়ির উত্তর ভিটার টিনের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শহিদ মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় আরেক প্রতিবেশী আ. মজিদ ওরফে হওলা (৫০) ঘরের বাইরে পাহারা দিচ্ছিল। এরপর শিশুটিকে আরেক দফা ধর্ষণ করে আ. মজিদ। এ সময় শহিদ মিয়া শিশুটির মুখ চেপে ধরে রাখে। পরে শিশুটি আসামিদের হাত থেকে ছুটে গিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে দুই অভিযুক্ত ধর্ষক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযুক্তের পরিবার এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অভিযোগ তুলে নিতে শিশুটির পরিবারকেও হুমকি দিয়ে যাচ্ছে। এ জঘন্য ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।