ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : বাংলাদেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে অনলাইন বাস টার্মিনাল (OBT)। সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থার মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদারে জেলা পুলিশ, কক্সবাজারের প্রায়োগিক অভিজ্ঞতারর ফসল এই ডিজিটাল উদ্যোগের কার্যক্রম বিশ্ব পর্যটন দিবসে (২৭ সেপ্টেম্বর) এক বছর পূর্ণ করেছে।
গত এক বছরে ওবিটি বাংলাদেশের আন্তঃজেলা বাস পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্মে দেশের সকল আন্তঃজেলা বাস পরিবহন কোম্পানি ও ব্যবস্থাপনার তথ্য, বাস শিডিউল, ফিটনেস ও রুট পারমিটের তথ্য, চালক ও গাইডের ডেটাবেস, সড়ক দুর্ঘটনার তথ্য, যাত্রীদের রেটিং-রিভিউ সিস্টেমসহ নানা সেবা সংযুক্ত হয়েছে।
গত এক বছরে এর সফলতার মধ্যে রয়েছে- কক্সবাজারে চলাচলরত ৭৩টি আন্তঃজেলা বাস পরিবহনের শিডিউল ডিজিটালভাবে একীভূত করা হয়েছে।
কক্সবাজার রুটে চলাচলরত ১০৫টি আন্তঃজেলা পরিবহনের ১৭৬৮ টি বাস, ১৬৮০ জন চালক ও ২৩৮৬ জন গাইডের তথ্য সন্নিবেশ করা হয়েছে।
একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সকল পরিবহনের টিকিট প্রাপ্তির সুযোগ সৃষ্টি করেছে।
কক্সবাজারে আগত পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে ওবিটি’র অনলাইন বাস পারমিশনে প্রায় ১১ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। দেশের সকল ট্রাভেল গ্রুপ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কর্পোরেট গ্রুপকে ওবিটি এই ডিজিটাল সুবিধা প্রদান করেছে।