মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তবে দেশ স্বৈরাচারমুক্ত হলেও স্বৈরাচারী ব্যবস্থার অবসান হয়নি এখনও। আওয়ামী লীগ নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে। গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী যেন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরিহার্য।
শুক্রবার বিকেল মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭নং ঘোগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে প্রেসিডেন্টের ঘোষণাপত্র অথবা গণভোটের ব্যবস্থা করতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’
ঘোগা ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, আফতাবুর রহমান, মোস্তফা রায়হান, আজহারুল ইসলাম শাহীন, দেলোয়ার হোসাইন সাঈদী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মধ্যরাত পর্যন্ত উপজেলার কায়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগে তার সাথে জামায়াতের নেতাকর্মীসহ সাধারণ জনতা অংশ নেন।