রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগের ছায়া।
সোমবার (২১ জুলাই) দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই ‘এফ-৭ বিজেআই’ মডেলের বিমানটি মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। আহতদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বিমানের বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ও ছবিগুলো দেশবাসীকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। শোবিজ অঙ্গনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহলে বইছে শোকের ঢেউ।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন। জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন বলেন, "এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহ শহিদদের জান্নাতবাসী করুন এবং তাঁদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন।"
বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।