নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে জানানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ ২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের প্রেক্ষিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নং ধারা মোতাবেক তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দলীয় সিদ্ধান্তের পাশাপাশি এই বহিষ্কারাদেশের বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।