গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে গোমস্তাপুরে অনুষ্ঠিত হয়েছে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। “দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়ে নারী খামারিরা পেয়েছেন উন্নত খামার ব্যবস্থাপনার নানা দিকনির্দেশনা।

গত ২৭ এপ্রিল সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক ডা. আবু বকর সিদ্দিক।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও আলোচকরা আধুনিক ডেইরি খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে নারী খামারিরাই হতে পারেন দেশের দুধ উৎপাদন বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, ভেটেরিনারি সার্জন বরুণ কুমার, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট রাজশাহী অঞ্চলের এরিয়া ব্যবস্থাপক মাহবুবর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান সেলিম এবং ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোমেনা খাতুনসহ অন্যান্যরা।