কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে একযোগে ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাত্রে ৫ দোকানে এমন চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। সিসি টিভি ফুটেজ ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় ৩০ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে যখন নাইট গার্ড বাড়ি চলে গেছেন সেই সুযোগে দোকানে প্রবেশ করে চোরচক্র। প্রতিটি দোকানে একই ভাবে ক্যাশ ড্রয়ার ভেংগে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ওই ৫টি দোকান হলো লিটন কসমেটিক, রাজ্জাক সু, শামীম কসমেটিক, সুয়েল কোথ স্টোর ও শাহীন গার্মেন্টস। দোকান মালিক লিটন জানান, প্রতিদিনের মতই রাত্র ৮টার সময় দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই, আজ সকালে এসে দেখি দোকানের ১টি ঝাপ উঁচু ভেতরে ক্যাশ ড্রয়ার ভাংগা। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নে তিনি জানান, ক্যাশে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিলো যা নিয়ে গেছে আর মালামাল কি পরিমান নিয়েছে তা খতিয়ে দেখতে হবে। নগদ টাকা খোয়া গেছে রাজ্জাক সু-২৬ হাজার, শামীম কসমেটিক ৮ হাজার, সুয়েল কোথ স্টোর-৯ হাজার, শাহীন গার্মেন্টস-২০ হাজার বলে তারা জানিয়েছেন। এঘটনায় মৌখিকভাবে খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ বাদী হয়ে লিখিত কোন এজাহার বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।