মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাধবদী থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত বুধবার ৩০ সেপ্টেম্বর গভীর রাতে মাধবদী থানার একশ গজ দুরে মাধবদী কান্দাপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ দ্রুততার সাথে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে লুন্ঠিত মালামালের ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা সহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। ডাকাতির মতো গুরুতর অপরাধের পর এত দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে মাধবদী থানা পুলিশ ব্যাপক পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে জানান স্থানীয়রা।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সারারাত নির্ঘুম থেকে অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাধবদী থানার এস আই আল আমিনসহ তার একটি চৌকশ টিমকে এ টিমে এস আই আল আমিনের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম, এস আই বারেক হাওলাদার, কনস্টেবল ফয়সাল, মাজাহার, শামীম ও সোহেল।