দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির অভিযোগে পাঁচটি বাস জব্দ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দাউদকান্দি ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন দাউদকান্দি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মহাসড়কের পাশে যাত্রী পরিবহনে নিয়োজিত বাসগুলো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা পার্কিংয়ের যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, বাসগুলো সড়কে চলাচলের অনুপযোগী। এ কারণে পাঁচটি বাস জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধভাবে রাস্তায় পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।জব্দ হওয়া বাসগুলো হলো— তিশা পরিবহনের একটি, পাপিয়া ট্রান্সপোর্টের একটি, একতা পরিবহনের একটি, রূপালি সুপার পরিবহনের একটি এবং লাব্বাইক পরিবহনের একটি।