গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের মাত্র কয়েক মাসের মাথায় একটি কার্পেটিং সড়কের একাংশ ভেঙে পাশের পুকুরে পড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা জানান, নিম্নমানের মালামাল দিয়ে কাজ করায় ও নির্মাণ ত্রুটির কারণেই রাস্তা ভেঙে পরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী পৌর সভার ৬নং ওয়ার্ডের শাওড়া ফারুক ঠাকুরের বাড়ির পেছন থেকে সন্যামত বাড়ি পর্যন্ত সড়কটি কার্পেটিং রাস্তা নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই সড়কের মৃধা ভবনের সামনের অংশে ফাটল ধরতে শুরু করে। ধীরে ধীরে সড়কের উল্লেখযোগ্য অংশ পুকুরে ভেঙে পড়ে।
স্থানীয়, সাব্বির আকন জানান গত কয়েক দিনের অতি বৃষ্টির ফলে রাস্তা ধসে পড়েছে। ঠিকাদার সঠিকভাবে পাইলিং ও নির্মাণ কাজ না করায়, রাস্তার এ অবস্তা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কটির বিটুমিন (পিচকার্পেটিং) আস্তে আস্তে সরে গিয়ে পুকুরে নেমে গেছে। রাস্তার পাশে যে পাইলিং বা সুরক্ষা দেয়াল নিম্নমানের হওয়ায় পুরো পুকুরের অংশ ভেঙে পরে, ফলে বৃষ্টি হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। রাস্তাটি ভাঙনের কারণে এখন কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
সড়কটি ভেঙে পরার কারনে এলাকার জনগণ ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ প্রায় আধা কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে যাতায়াতের উপযোগী ব্যবস্থা গ্রহণ করা।
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই পুকুরের পানি সেচ করার কারণে রাস্তা দেবে গেছে এবং পাইলিং এর মাটি সরে গেছে। রাস্তার ঠিকাদার দেলোয়ার হোসেন কে রাস্তা দ্রুত মেরামত করার র্নিদেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।