বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, যতদিন পৃথিবী থাকবে তা’লীমুল কুরআন এর কাজ ততদিন চলমান থাকবে। প্রত্যেক ঘর থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ সমাজকে সুশোভিত করবে। রিসালাতের দায়িত্ব পালনের দাবি হলো: কুরআন শিখা ও শিক্ষা দান করা। তা’লীমুল কুরআন এর কাজকে আমরা একটি আন্দোলন হিসাবে গ্রহণ করেছি। তা’লীমুল কুরআন এর প্রধান শিক্ষক ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ (সা)। তিনি দারুল আরকামকে কুরআন শিক্ষ দানের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। মক্কা, মদিনা, সিরিয়া, মিশর সহ যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেছে সেখানেই সর্বপ্রথম কুরআনের তা’লীম বা শিক্ষাকে মানুষের উপযোগী করে তুলে ধরা হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদেকেও তা’লীমের মাধ্যমে দ্বীনের শিক্ষায় উজ্জীবিত করা হয়েছে। তিনি আরও বলেন, তা’লীমুল কুরআনের কাজকে শুধু রুটি-রোজগারের অবলম্বন হিসেবে গ্রহণ না করে, মানবজাতির হিদায়াতের জন্য অবর্তীর্ণ আল কুরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র ও সৎ লোকের শাসন আল কুরআনের আলোকে তৈরী লোকদের দ্বারাই সম্ভব। সাহাবায়ে কিরামের মতো কুরআন চর্চা ব্যক্তি ও সমাজে চালু করতে হবে।

গতকাল সোমবার তা’লীমুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে রাজধানীর উত্তরায় আইইএস কমপ্লেক্সে ২৪ জুলাই থেকে ২৮ জুলাই ৫ দিনব্যাপী ‘বাছাইকৃত মুয়াল্লিম মানোন্নয়ন ক্লাস’ এর সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম তিনি এ কথাগুলো বলেন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী। বক্তব্য রাখেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশন এর সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মো: ইকবাল, মাওলানা মহিব্বুল্লাহ, ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক মাওলানা মহিব্বুল্লাহ ও প্রশিক্ষণার্থী ড. আব্দুল জব্বার।

মাওলানা আবদুল হালিম বলেন, কুরআন শিখানোর কাজকে দেশের তৃণমূল পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে মুয়াল্লিম (শিক্ষক) তৈরীর জন্য মানোন্নয়ন ক্লাসের প্রশিক্ষণকে ধারণ করে আগামী দিনে সকলকে কাক্সিক্ষত ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী বলেন, মুয়াল্লিম বা কুরআনের শিক্ষকের জন্য এখলাছ (আন্তরিকতা ও নিষ্ঠা) গুরুত্বপূর্ণ প্রধান বিষয়। তিনি সাহাবায়ে কিরামের দৃষ্টান্ত উল্লেখ করেন এবং এর আলোকে প্রশিক্ষণার্থী শিক্ষকগণকে দায়িত্ব পালনের আহবান করেন।

৫ দিনব্যাপী অনুষ্ঠিত মানোন্নয়ন ক্লাসের প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় উস্তায মাওলানা আবদুর রহিম, মাওলানা বোরহান উদ্দীন ও হাফেজ জাকির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মাওলানা শরিয়ত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।