কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তার চেক সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল‍্যান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজকল‍্যান পরিষদের সহায়তায় উপজেলার ৩০ জন গরিব, দুস্থ ও অসহায় ব‍্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর আজিজুর রহমান সরকার, জামায়াতের উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুমসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, এই টাকা আমার না। সরকারের টাকা আপনাদের কাছে একজন খাদেম হিসেবে প‍ৌছে দিচ্ছি মাত্র। তিনি বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করেন তিনি।