ঢাকা বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশের শিক্ষা সংকট ও উত্তরণের পথ: শহীদ আব্দুল মালেকের শিক্ষা দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুল মালেক ইন্সটিটিউট ফর এডুকেশন এন্ড রিসার্চ'র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে "মৃত্যুহীন প্রাণ - শহীদ আব্দুল মালেক স্মরণিকা”র মোড়কও উম্মোচন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন, ইঈঝওজ’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিক, শহীদ আব্দুল মালেক ইন্সটিটিউটের অন্যতম উপদেষ্টা ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ মালেকের রক্ত বৃথা যায়নি। তিনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন তা জাগতিক ও পরলৌকিক উভয় জগতের কল্যাণের কথাই বলে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী শিক্ষাবিদ, লেখক, গবেষক ও নর্দান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষা সংকটকে চিহ্নিত করে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সমন্বিত একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবী জানান। তিনি আরো বলেন, শহীদ আব্দুল মালেকের শিক্ষা দর্শন এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথাই বলে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা সহ বিভিন্ন ধারার যে শিক্ষা ব্যবস্থা দেশে চালু রয়েছে তা বিভাজন এবং সুযোগ-সুবিধার মধ্যে বৈষম্য চালু রেখেছে। দেশের শিক্ষা কারিকুলামের ভুলগুলো সংশোধন করার জন্যেও তিনি দাবী জানান।

প্রবন্ধের উপর আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। তিনি বৃটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে এই দেশের মাটি ও মানুষের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন দরকার বলে মতামত দেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. হেদায়েত উল্ল্যাহ তার বক্তব্যে মুসলিম বিশ্বের সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার ইতিহাস তুলে ধরে সেখান থেকে শিক্ষা নিয়ে যুগোপযোগী শিক্ষার প্রস্তাবণা তুলে ধরেন।

আরো বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড: ইসমাইল হোসেন, ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক,রাজনীতিবিদ ড. মু. হেলাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইন্সটিটিউটের অন্যতম উপদেষ্টা ডা. আব্দুল মালেক। ইন্সটিটিউটের উপদেষ্টা অ্যাডভোকেট শাহ মু. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কোর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদ ও লুতফর রহমান ভুইয়ার যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল মালেক ইন্সটিটিউট ফর এডুকেশন এন্ড রিসার্চ এর পরিচালক মু. নুরুল্লাহ, অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূইয়া, ইনিস্টিউটের উপদেষ্টা মু: লোকমান হোসাইন, সাবেক ছাত্রনেতা ডা: মেছবাহ উদ্দিন সায়েম, মাওলানা আলফেসানীসহ বিভিন্ন জায়গা থেকে আগত গবেষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও সুধীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।