শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের বাসন থানায় দায়ের করা জুলাই হত্যা মামলায় সাংবাদিক মো. মোজাহিদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দৈনিক নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) মোজাহিদ জানান, তিনি ওই সময় মাঠে থেকে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন, অথচ এখন তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
মোজাহিদের দাবি, মামলায় ৯২ নম্বর আসামির পর তার নাম ৯৯ নম্বর হিসেবে যুক্ত করা হয়েছে, এরপর আবার ৯৩ নম্বর থেকে তালিকা চলেছে যা তার মতে স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
তিনি আরও জানান,বিগত সরকারবিরোধী সংবাদ প্রচারের কারণে অতীতেও তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল, এবং তিনি ২১৯ দিন কারাবরণ করেছিলেন। বর্তমানে স্থানীয় দখলদার ও স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তাকে আবার হয়রানি করা হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন,এটি সাংবাদিক সমাজকে ভীত করার কৌশল মাত্র। সাংবাদিক মোজাহিদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।
দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি এমএ মতিন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ সত্যনিষ্ঠ সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোজাহিদের নামে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি ।