গুড়া ধুনটে বাঙালি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকার বানিজ্য করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক প্রভাবশালী বালুদস্যুর বিরুদ্ধে। সে গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে। সরজমিনে স্থানীয় সুত্রে জানা যায়, বালুদস্যু জাহাঙ্গীর আলম ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী উত্তর পাড়া এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে লাখ লাখ টাকা বানিজ্য করে আসছে। প্রতিদিন ট্রাক ভর্তি করে বালু সরবরাহ করছে বিভিন্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে এবং কৃষিজমি ভেঙে নদীতে বিলীন হচ্ছে। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হচ্ছে অনিশ্চিত ভবিষ্যত। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন অনেকে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবেই প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। সরকারি রাজস্বের অপস্থানীয়চয় ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ধুনটের প্রাকৃতিক ভারসাম্য এবং জনগণের জীবিকা দুটোই হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।