তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন পোড়ামাটির মূর্তির সন্ধান মিলেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সোনা দিঘি পুকুর থেকে মূর্তিটির অংশ বিশেষ উদ্ধার করা হয়। তবে এটি বিষ্ণু নাকি বৌদ্ধ মূর্তি, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সরকার জানান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় চৌবাড়িয়া গ্রামের উল্লেখিত সোনা দিঘি পুকুরটি সংস্কারের কাজ চলছিল।

এক্সকাভেটর মেশিন (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মূর্তির মাথা ও হাতের অংশ বিশেষ উঠে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয় তাড়াশ থানার উপপরিদর্শক দয়াল কুমার ব্যানার্জি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন। তিনি জানান, মূর্তিটি পাথরের মনে হলেও পরে পরিষ্কার করে দেখা যায় পোড়ামাটির মূর্তি। তবে কিসের মূর্তি তা তারা নিশ্চিত হতে পারেনি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রিফাত উর রহমান বলেন, ‘মূর্তিটির সম্পূর্ণ অবয়ব না থাকায় কিসের মূর্তি তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে এটিকে বিষ্ণু অথবা বৌদ্ধ মূর্তি বলে মনে করছেন।’

মূর্তিটি কত প্রাচীন হতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ল্যাব টেস্ট ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না।’ এর আগে এ অঞ্চল থেকে পাল ও সেন আমলের মূর্তিসহ বেশ কিছু প্রতœতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। যা বগুড়ার মহাস্থান জাদুঘর, রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও ঢাকা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।