ফেনী সংবাদদাতা : আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) ২০২৬ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে মতবিনিময় করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা নেতৃবৃন্দ।
শ্রমজীবী মেহনতি মানুষের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা শাখার সভাপতি ফারুক আহাম্মদ ভূইয়া আজাদ। তিনি বলেন, ১৮৮৬ সালের পর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও শ্রমিকদের দাবিগুলো যথাযথ ভাবে পূরণ করা হয়নি। শ্রমিকদের কল্যাণে ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
মাসিক সভা
লৌহজং (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: বোরহানুল ইসলাম, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান,বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুব মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, বিএনপি নেতা মো. বাদল হাওলাদার,সাংবাদিক মিজানুর রহমান ঝিল্লুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এ সময়ে আরো উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদার,সাংবাদিক আবু নাসের লিমন,তাজুল ইসলাম রাকিব, শওকত হোসেন মো. মানিক মিয়াসহ অন্যান সাংবাদিকরা।
১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ
সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় এই তেল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ পিক আপ যোগে চট্টগ্রাম হতে ঢাকা পাচার কালে আটক করা হয়।
ইউপি সদস্য গ্রেফতার
গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের নিজ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহ জামাল মিয়া (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে আটক করে।
স্মারকলিপি প্রদান
মেহেরপুর : ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর শারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সহ সভাপতি শাকিল হোসেন সাব্বির, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন, সহ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা তরিকুল ইসলাম (সার্বিক) এর হাতে স্মারকলিপিটা তুলে দেন। পারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
উচ্ছেদ অভিযান
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে উচ্ছেদ অভিযান করা হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর বাজারে জনভোগান্তি নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাজারের চারমাথা মোড় থেকে কুতকুতি তোলা এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের উদ্যোগে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আবাদপুকুর বাজার উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধানের হাট হিসেবে পরিচিত। এই হাটে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। কিন্তু দীর্ঘ দিন ধরে সড়কের দুই পাশের মূল অংশ দখল করে অবৈধ অস্থায়ী স্থাপনা গড়ে তোলায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়ে আসছিল।
কৃষক সমাবেশ
কাপ্তাই (রাঙ্গামাটি) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিতকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শত কৃষক কৃষাণীদের উপস্থিতিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কাপ্তাই হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পরই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে, এছাড়া সরকারের আরোও একটি পদক্ষেপ খাল খনন কর্মসূচী। সরকার চাই তৃনমুল পর্যায়ের মানুষের উন্নয়ন। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ।
বাহরাইনে ৯ দিন ধরে নিখোঁজ
মনোহরগঞ্জ, কুমিল্লা : বাহরাইনের কর্মস্থলে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শামসুল আলম বাবলু। গত ২২ এপ্রিল মধ্যরাতের পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় তার পরিবার ও প্রবাসে থাকা সহকর্মীদের মাঝে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও মেলেনি কোনো সন্ধান। নিখোঁজ বাবলু বাহরাইনে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের নিখোঁজ হওয়ার খবর শোনার পর থেকে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।