লালপুর (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয় এনটিভি অনলাইনের লালপুর ও বাগাতিপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাঁকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে বজলুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
জানা যায়, সম্প্রতি লালপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শফিকুর রহমান যোগদানের পর উপজেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। এরপর থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান, বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়।