বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলীতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ব্যক্তি সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গত ২৮ এপ্রিল ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন। মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রীল ধরে রাখেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে জানাতে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলী ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলী লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলীবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।