এম এ কাইয়ুম চৌধুরী, শিবালয় (মানিকগঞ্জ) : গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুর পাটি শিবালয় থেকে বিলুপ্তির পথে। শিবালয় উপজেলায় এক সময় বিভিন্ন এলাকার মানুষের কাছে খেজুর পাটির ব্যাপক চাহিদা থাকলেও সময়ের বিবর্তনে বিলুপ্তির পথে খেজুর গাছের পাতা দিয়ে হাতে বুনা খেজুর পাটি।
জানা গেছে, ৮০-৯০ এর দশকে খেজুর পাটি শিবালয় উপজেলার পল্লী গ্রামে সাধারণ মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনে ব্যবহার হতো। খেজুর পাটিতে ধান, গম, কলাই, মুসুরি, ধনিয়াসহ বিভিন্ন ফসল শুকানোর কাজ করতো অনেকে। কালের যাঁতাকলে আর আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনমানের পরিবর্তনের ফলে হারিয়ে যেতে বসেছে খেজুর পাটি।
মানুষের পারিবারিক ব্যবহার্য উপকরণ ঐতিহ্যবাহী খেজুর পাটির স্থান দখল করে নিয়েছে আধুনিক শীতলপাটি, নলপাটি, পেপসি পাটি, চট-কার্পেট, মোটা পলিথিনসহ বিভিন্ন ধরণের উপকরণ। এই উপকরণগুলো সহজেই বাজারে পাওয়া যাওয়ায় মানুষ খেজুর পাটির পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে চাহিদা কমার পাশাপাশি হারিয়ে গেছে খেজুর পাটির কদর।
খেজুর পাটি বুনন ও চাহিদা কমে গেলেও উপজেলার কিছু কিছু গ্রামাঞ্চলের নারীরা আজও অবসর সময়ে খেজুর পাটি বুনন কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। তবে এর সংখ্যা একেবারেই কম। অল্প সংখ্যক মানুষ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেজুর পাটিকে তারা নিজস্ব সংস্কৃতিতে এখনো আঁকড়ে ধরে রেখেছেন।
শিবালয় কূষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডি.কৃষিবিদ অনুপম কুমার মৌলিক জানান, আগেরকার দিনে খেজুর গাছ ও পাতা পাওয়া যেত। সকালে-বিকালে গৃহস্থালির কাজের ফাঁকে ফাঁকে বাড়ির মেয়ে ও ঝিঁ-বউরা খেজুরের পাটি বুনতো আর নানা গল্প গুজব করত। এখন এর আর কিছুই নেই। আধুনিক যুগ তাই সব কিছু আধুনিক হয়ে গেছে। টাকা হলে আধুনিক সবকিছুই রেডিমেড কিনতে পাওয়া যায়। এ কারণে বাড়ির গৃহবধূরা আর পরিশ্রম করতে চায়না। সবকিছু পরিবর্তনের সাথে খেজুরের পাটি বুনন করাও বন্ধ হয়ে গেছে। বলা যায়,এখন এর ঐতিহ্য গ্রাম-বাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
শিবালয় উপজেলার দক্ষিণ উলাইল গ্রামের গৃহিণী নুরজাহান বেগম দৈনিক সংগ্রামকে বলেন, একসময় গ্রামের প্রায় বাড়িতে বিকাল হলে বাড়ির গৃহবধূদের খেজুরের পাটি বুনতে দেখা যেত। কেউ বানাত চিকন পাটি, কেউ বানাতো মোটা পাটি, কেউ বা দুটোই বানাত। চিকন পাটি এবং মোটা পাটি একই নিয়মে বানানো হয়ে থাকে। সেই পাটি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এখন আর এ দৃশ্য চোখে পড়ে না।
এ ব্যাপারে বিশিষ্ট সাংবাদিক ও কৃষক সংগঠক এমএ কাইয়ুম চৌধুরী দৈনিক সংগ্রাম কে বলেন,আগেরকার দিনে গ্রামাঞ্চলে খেজুরের শুকনো পাতা দিয়ে পাটি তৈরি করা হতো। প্রায় বাড়িতে এ পাটি দেখা যেত। এখন এ পাটির বদলে দখল করেছে প্লাস্টিকের পাটি, পলিথিনসহ আধুনিক বস্তু ও জিনিসপত্র। তাছাড়া খেজুর গাছের সংখ্যাও হ্রাস পেয়েছে। তাই এখন আমাদের মাঝ থেকে খেজুরের পাটিও প্রায় বিলুপ্তির পথে।
এ প্রসঙ্গে এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেনএ জেলায় বেশ কয়েকগুণ হারে খেজুর গাছের সংখ্যা হ্রাস পেয়েছে। দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা। খেজুর গাছের সংখ্যা কমার কারণে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি খেজুরের পাটিও বিলুপ্তির পথে। তিনি আরও বলেন, বিভিন্ন সভা, সমাবেশ, সেমিনারে, খেজুর গাছ রোপণ করার পরামর্শ দেওয়া হয়। এ গাছ রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ প্রচারণা করা হয়ে থাকে।